চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে নেত্রকোনা জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে চরম বিপর্যয় ঘটেছে।
জেলা শিক্ষা অফিসের প্রকাশিত সংশোধিত ফলাফল অনুযায়ী, এই প্রতিষ্ঠানগুলো থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ অকৃতকার্য এই তালিকার মধ্যে রয়েছে চারটি কলেজ ও একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানগুলো হলো—কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ, কলমাকান্দার কলমাকান্দা মহিলা কলেজ, পূর্বধলার খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়, একই উপজেলার এম্বিশন মডেল কলেজ ও জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ। জানা গেছে, এর মধ্যে চারটিই নন-এমপিওভুক্ত কলেজ।
নেত্রকোনা জেলার ১০টি উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় মোট ১৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে পাস করেছেন ৫ হাজার ৮৭৩ জন এবং অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ৩৮ জন। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৭০ জন শিক্ষার্থী। সার্বিকভাবে জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৯১ শতাংশ। উপজেলাভিত্তিক ফলাফলের তথ্যে দেখা যায়, খালিয়াজুরীতে পাসের হার সর্বোচ্চ ৪৮ দশমিক ৮৯ শতাংশ, এরপর কেন্দুয়ায় ৪৯ দশমিক ৪৬ শতাংশ এবং নেত্রকোনা সদরে ৫১ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে নাজুক অবস্থা বারহাট্টা উপজেলায়, যেখানে পাসের হার মাত্র ৩০ দশমিক ২০ শতাংশ।
জেলার সামগ্রিক ফলাফলের তুলনায় শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর এই ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান পদ্ধতি ও শিক্ষার মান নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। অকৃতকার্য শিক্ষার্থীদের সংখ্যা সফলদের তুলনায় অনেক বেশি হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মুনমুন জাহান লিজা। তিনি জানান, যেসব প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি, তাদের বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।








