বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। এছাড়া মাহফুজ হাসানকে কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য নবগঠিত এই কমিটিকে নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা এক আদেশে এই কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২০২৬ সালের সংশোধনীসহ ২১ ধারা এবং ২(৪) ও ২(৮) ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই আইনের ১৪(৩) ধারা অনুসরণ করে নতুন কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে আদেশ জারির তারিখ থেকেই নতুন কমিটির কার্যক্রম কার্যকর বলে গণ্য হবে।
আদেশে উল্লেখ করা হয়েছে, আগের অ্যাডহক কমিটি তাদের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন ও দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেওয়ায় তাদের ভেঙে দেওয়া হয়েছে। নতুন কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার। এছাড়াও সহসভাপতি পদে রয়েছেন ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, শিল্পপতি মো. শহীদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলী।
কমিটির সাধারণ সম্পাদক মাহফুজ হাসান একজন স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় ও সংগঠক হিসেবে পরিচিত। যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মো. হাবিবুল্লাহ পারভেজ। এছাড়া অ্যাডভোকেট মো. তাইফুর রহমান সুমনসহ মোট আঠারো জন সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল, জুয়েল রক্ষিত, মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব ও মো. পলাশ।








