দায়িত্ব ছাড়ছেন না প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, দাবি পেন্টাগনের

Published: November 5, 2026, 3:47 am

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জনের প্রেক্ষিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে পেন্টাগন। দেশটির প্রতিরক্ষা দপ্তরের প্রধান মুখপাত্র শন পারনেল সাফ জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালনে হেগসেথ পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে শন পারনেল বলেন, কোনো ধরনের অনিয়ম না থাকা সত্ত্বেও রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে কিছু রাজনীতিক ভুয়া তদন্তের চাপ সৃষ্টি করছেন। তবে এসব চাপে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিন্দুমাত্র দমে যাবেন না বা দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না।

যুদ্ধ মন্ত্রণালয় আইন মেনেই সব ধরনের কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ করে পারনেল বলেন, আমাদের প্রতিরক্ষামন্ত্রী সংবিধান রক্ষা এবং মার্কিন সেনাদের নেতৃত্ব দেওয়ার কাজ প্রতিদিন চালিয়ে যাচ্ছেন। ডেমোক্র্যাটদের সাজানো তদন্ত ও হয়রানির হুমকি সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নে তারা কাজ অব্যাহত রাখবেন।

উল্লেখ্য, গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ তাদের প্রতিবেদনে জানায় যে, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত কি না, তা নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করছেন ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছিল।