গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ শুরু করেন তারা। একপর্যায়ে সফিপুর, রতনপুরসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা এসে অবরোধে অংশ নেন। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প এলাকায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার সকাল থেকেই বিজিবি সদস্যরা মাঠে কাজ শুরু করেছেন। কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈর এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি কাজ করবে। প্রয়োজনে বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তিনি। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে প্রয়োজন অনুযায়ী বিজিবি মোতায়েন থাকবে। আপাতত ৫ প্লাটুন থাকার কথা রয়েছে।








