প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

Published: November 5, 2026, 8:26 am

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশে নাহিদ ইসলামকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে বক্তব্যটি প্রত্যাহার করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আই-তে প্রচারিত নাহিদ ইসলামের একটি বক্তব্যের সূত্র ধরে এই নোটিশ প্রদান করা হয়। সেখানে তিনি বলেছিলেন, ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নেই।’ নোটিশকারী আইনজীবী জানান, এই ধরনের বক্তব্য তার দৃষ্টিগোচর হওয়ায় তিনি অত্যন্ত বিব্রত ও ক্ষুব্ধ হয়েছেন।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে থেকে এমন অগ্রহণযোগ্য ও ভিত্তিহীন মন্তব্য রাজনৈতিক প্রজ্ঞাহীনতার পরিচয় দেয়। এই ধরনের বক্তব্যকে ‘অমার্জনীয়’ হিসেবে বর্ণনা করে আইনজীবী বলেন, এ ধরনের কাল্পনিক মন্তব্য দিয়ে নাহিদ ইসলাম নিজেকে রাজনৈতিকভাবে অপরিপক্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে নাহিদ ইসলামকে জনসমক্ষে ক্ষমা চাইতে এবং তার বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এর জবাব না পাওয়া গেলে বা বক্তব্য প্রত্যাহার করা না হলে, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পরবর্তী যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।