মানিকগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে হত্যার ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এই চাঞ্চল্যকর মামলার রায় দেন। রায়ে ২৪ আসামির মধ্যে ৫ জনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস প্রদান করেছেন আদালত। মানিকগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত ট্রিপল মার্ডার মামলায় ২৪ আসামির মধ্যে চার ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সিংগাইরের গোবিন্দল গ্রামের মো. জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম এবং সিদ্দিক মিয়া। আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডেও দণ্ডিত করেছেন। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামছুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মো. মরণ ও স্বপনকে। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
অন্যান্য আসামিদের মধ্যে শামীম ও হাবু মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও মজনু মিয়াকে ১ বছর, রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ৬ মাস এবং সাহেরা খাতুন ও খাতুনি বেগমকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলায় উজ্জ্বল মিয়া, অলি আহাদ, শুকুর জোলা ও রাজা জোলাকে খালাস দেওয়া হয়েছে।
সরকারি কৌঁসুলি আ. ফ. ম. নূরতাজ আলম বাহার জানান, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সিংগাইরের গোবিন্দল এলাকায় আজিজ মোল্লা, টেন্ডুল মোল্লা ও করিম মোল্লা হত্যাকাণ্ডের শিকার হন। নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। উপপুলিশ পরিদর্শক আমিনুর রহমান তদন্ত শেষে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ ১০ বছর ধরে চলা এ মামলায় ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, তবে আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান ও মেজবাউদ্দিন উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।








