সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকা উত্তাল হয়ে ওঠে একাধিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায়। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার সময় রাস্তার পাশে থাকা বাসটি দাউ দাউ করে জ্বলতে দেখা যায় এবং আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
একই সন্ধ্যায় রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, এই ঘটনায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সদস্য ফয়সাল ও সুকুমার হালদার নামে দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পুলিশ তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে এবং বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ও উত্তরার শান্তা-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। টিএসসিতে ককটেল ভর্তি একটি ব্যাগ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যদের তলব করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সন্ধ্যা থেকে ঘটে যাওয়া এসব নাশকতামূলক কর্মকাণ্ডে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তৎপরতা চালাচ্ছে এবং এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।







