স্বৈরাচারকে এ দেশে রাজনীতি ও সন্ত্রাসের সুযোগ নেই: আইনমন্ত্রী

Published: November 13, 2026, 7:46 am

ফ্যাসিবাদ ও স্বৈরাচারের রাজনীতির পাশাপাশি সন্ত্রাসের কোনো সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের’ বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলার মতো ঘটনা ঘটিয়ে বা ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারা এখনো এ দেশের মানুষকে চিনতে পারেনি। বোমা হামলার এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে এবং ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে সরকারের কাছে পর্যাপ্ত তথ্য-উপাত্ত রয়েছে বলেও জানান তিনি।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে আইনমন্ত্রী স্পষ্ট করেন, বর্তমান সরকার কোনোভাবেই গুম বা এক্সট্রা জুডিসিয়াল কিলিংয়ের পথে হাঁটছে না। এছাড়া পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দেওয়ার পুরোনো সংস্কৃতি থেকেও বের হয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, সব কিছু রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে সরকারের কার্যক্রমে কোনো নেতিবাচক বিষয় থাকলে গণমাধ্যম তা স্বচ্ছন্দে তুলে ধরতে পারে। তিনি বলেন, নিজের বিরুদ্ধাচরণ করলেও সেই প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রেও সরকারের আপত্তি নেই। আইনমন্ত্রী বলেন, ওভারনাইট যদি মনে করেন যে, আমরা সব চেঞ্জ করে ফেলতে পারব, সেটা যেমন সম্ভব না, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো রকম আমাদের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন। এসব বিষয় গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে আসা উচিত।

সাংবাদিকতার মর্যাদা ও পেশাগত আস্থা টিকিয়ে রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, গণমাধ্যম হলো মানুষের ভরসার জায়গা। যখন মানুষ কোথাও প্রতিকার পায় না, তখনই সাংবাদিকের দ্বারস্থ হয়। তাই অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার থাকতে হবে। সত্যের পক্ষে থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের পাশাপাশি সরকারের ভালো কাজগুলোও বস্তুনিষ্ঠভাবে প্রচার করার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে এবং পেশাটিকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি।