রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সেভেরোদভিনস্ক শহরের সেভমাশ শিপইয়ার্ডে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘পার্ম’-এর কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন। নৌবাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে রুশ নৌবাহিনীতে যুক্ত হয় বলে ক্রেমলিনের প্রকাশিত ভিডিওর বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, ‘পার্ম’ হবে প্রথম সাবমেরিন, যাতে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রমিত অস্ত্র হিসেবে থাকছে। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সাবমেরিনটি রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে যোগ দেবে এবং দূরপ্রাচ্য ও আর্কটিক অঞ্চলের সুরক্ষায় ভূমিকা রাখবে। জিরকন ক্ষেপণাস্ত্রের পাল্লা এক হাজার কিলোমিটার পর্যন্ত এবং এর গতি শব্দের গতির নয় গুণ (মাখ ৯) পর্যন্ত বলে রুশ গণমাধ্যমে জানানো হয়েছে।
প্রতিরক্ষাবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, কে-৫৭২ ‘পার্ম’ চতুর্থ প্রজন্মের বহুমুখী পারমাণবিক আক্রমণ সাবমেরিন; এটি ইয়াসেন পরিবারের ষষ্ঠ এবং আধুনিকায়িত ইয়াসেন-এম শ্রেণির পঞ্চম সাবমেরিন। ২০১৬ সালের জুলাইয়ে এর নির্মাণকাজ শুরু হয় এবং ২০২৫ সালের ২৭ মার্চ এটি পানিতে ভাসানো হয়। রুশ পত্রিকা ভেদোমোস্তির বরাতে জানা গেছে, পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ১০ নভেম্বর নৌবাহিনী এর গ্রহণ সনদে সই করে।
অনুষ্ঠানে পুতিন বলেন, রাশিয়া বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের একটি, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন তৈরি করতে সক্ষম। তিনি সাবমেরিনটিকে বৈশ্বিক পাল্লা ও তাৎপর্যের অস্ত্রব্যবস্থা বলে অভিহিত করেন এবং নৌবাহিনী আধুনিকায়নের পরিকল্পনা পুরোপুরি ও সময়মতো বাস্তবায়নের আস্থা প্রকাশ করেন। এএফপি জানিয়েছে, পুতিনের ঘোষণা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে আরও পাঁচটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন যুক্ত হবে, যার মধ্যে তিনটি ইয়াসেন-এম শ্রেণির।
প্রতিরক্ষা বিশ্লেষকদের প্রতিবেদন অনুযায়ী, ‘পার্ম’ আগামী বছর কামচাটকায় প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ঘাঁটিতে পৌঁছাতে পারে; সেখানে একই শ্রেণির আরও দুটি সাবমেরিন ইতিমধ্যে দায়িত্ব পালন করছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়ার পানির নিচের সক্ষমতা বাড়ানো এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্ররা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।








