কিছু প্লাগ-ইন হাইব্রিড গাড়ির (পিএইচইভি) নির্গমন রেটিং হালনাগাদ করার সিদ্ধান্ত ২০৩০ সাল পর্যন্ত পিছিয়ে দিয়েছে ইউরোপীয় কমিশন। রয়টার্স জানিয়েছে, শনিবার কমিশনের এই ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের গাড়ি নির্মাতাদের কাছে স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে, কারণ নতুন হিসাবে অনেক মডেলের আনুষ্ঠানিক নির্গমনমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল।
কমিশন গত জুনে জানিয়েছিল, ২৯ নভেম্বর থেকে ‘ইউটিলিটি ফ্যাক্টর’ হালনাগাদ করা হবে। এই ফ্যাক্টর হলো কোনো প্লাগ-ইন হাইব্রিড গাড়ি মোট দূরত্বের কতটা অংশ বৈদ্যুতিক শক্তিতে চলে তার আনুষ্ঠানিক হিসাব, যা দিয়ে গাড়িটির কার্বন নির্গমন নির্ধারণ করা হয়। বাস্তব সড়কে চালানোর তথ্যে দেখা গেছে, এসব গাড়ি ধারণার চেয়ে অনেক কম দূরত্ব বিদ্যুতে চলে; এর বড় কারণ মালিকেরা গাড়ি যতটা চার্জ করার কথা, ততটা করেন না। ফলে কাগজে-কলমে নির্গমন কম দেখালেও বাস্তবে তা অনেক বেশি হয়।
নতুন প্রস্তাব অনুযায়ী, এই হালনাগাদ এখন ২০২৬ সালের ২৯ নভেম্বরের বদলে কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে। কমিশন এক বিবৃতিতে বলেছে, প্রস্তাবিত সংশোধনী নির্মাতাদের সাময়িক ও স্বল্পমেয়াদি নমনীয়তা দেবে, যাতে তারা এসব গাড়ির উন্নয়নে বিনিয়োগ করতে পারেন। তবে এই সুবিধা সব মডেল পাবে না — ইউটিলিটি ফ্যাক্টর স্থগিত রাখা হবে কেবল সেসব গাড়ির ক্ষেত্রে, যাদের বৈদ্যুতিক রেঞ্জ অন্তত ৮০ কিলোমিটার, যাতে বেশি দূরত্ব বিদ্যুতে চলতে পারে এমন মডেল তৈরিতে উৎসাহ বাড়ে।
কমিশন জানিয়েছে, রোববার থেকে পূর্বাপর কার্যকর ধরে এই স্থগিতাদেশের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ও ইউরোপীয় পার্লামেন্টের কাছে পাঠানো হবে; যেকোনো পক্ষই এতে আপত্তি জানাতে পারবে। ২০৩০ সাল থেকে বাস্তব সড়কের পারফরম্যান্সের ভিত্তিতে ইউটিলিটি ফ্যাক্টর নিয়মিত হালনাগাদ করা হবে বলেও কমিশন জানিয়েছে।
তবে পরিবেশবাদী প্রচার গোষ্ঠী ট্রান্সপোর্ট অ্যান্ড এনভায়রনমেন্ট এই পিছিয়ে দেওয়ার বিরোধিতা করেছে। সংগঠনটি সেপ্টেম্বরে জানিয়েছিল, প্লাগ-ইন হাইব্রিড গাড়ির প্রকৃত কার্বন ডাই-অক্সাইড নির্গমন আনুষ্ঠানিক পরীক্ষার ফলের তুলনায় গড়ে ছয় গুণ বেশি এবং ২০২১ সালে বাস্তব নির্গমন মাপা শুরুর পর থেকে এই ব্যবধান প্রতিবছরই বাড়ছে। সংগঠনটির মতে, পরিকল্পিত হালনাগাদ বাতিল বা পেছানো উচিত নয়।








