ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার বলেছেন, প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বে প্রথমে গঠিত একটি ঐক্য সরকারে নিজের ভূমিকা ছেড়ে দিতে তিনি রাজি আছেন। রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহুর এই ঘোষণা থেকে ইঙ্গিত মিলছে যে সাবেক সেনাপ্রধান আইজেনকোট তাঁকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী-সমর্থিত একটি জোট সরকার গঠনের কাছাকাছি পৌঁছে গেছেন।
নেতানিয়াহু দুই দলের মধ্যে প্রস্তাবিত ঐক্য সরকারে পালাক্রমে নেতৃত্বের চুক্তিতে নিজে দ্বিতীয় অবস্থানে থাকার প্রস্তাব দিয়েছেন। অর্থাৎ চুক্তি হলে প্রথম মেয়াদে সরকারের নেতৃত্ব দেবেন আইজেনকোট, তারপর দায়িত্ব নেবেন নেতানিয়াহু। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদি নেতা নেতানিয়াহুর ওপর চাপ যে বাড়ছে, এই প্রস্তাব তা স্পষ্ট করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের সুস্পষ্ট পথ পায়নি। এরপর ইসরায়েলের প্রেসিডেন্ট সরকার গঠনের চেষ্টা করার দায়িত্ব দেন আইজেনকোটকে। সম্ভাব্য অংশীদারদের সমর্থন আদায়ে এগিয়ে যাচ্ছেন তিনি, যা তাঁকে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে পারে কিংবা জোট সরকার গঠনের সুযোগ করে দিতে পারে।
রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহে আইজেনকোট বাম ও ডানপন্থী দুটি অংশীদার দলের সঙ্গে জোট চুক্তি সই করেছেন, যা তাঁকে সংখ্যাগরিষ্ঠতার আরও কাছাকাছি নিয়ে গেছে। তবে এই প্রস্তাব নিয়ে আইজেনকোটের ইয়াশার দলের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, তাঁর মতে ইসরায়েল সরকারের নেতৃত্ব তাঁরই দেওয়া উচিত। তবে অস্তিত্বের হুমকির মাত্রা এবং এমন সরকার গঠিত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেছেন, যে সরকার সেই বিপদ মোকাবিলায় সক্ষম নাও হতে পারে, এমন পরিস্থিতিতে নেতা হিসেবে তাঁর দায়িত্বই হলো সবকিছু একপাশে সরিয়ে রাখা।








