পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদসংলগ্ন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় আগুনের ছবি ফেসবুকে পোস্ট করায় সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানিয়েছে, বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামের (খুলনা-ব-১১৫) বাসটির পেছনের অংশের আসনে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ সময় স্ট্যান্ডে থাকা অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি, থানা পুলিশের সদস্য এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
ইউএনও আতাউর রাব্বি জানান, বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ধারণা, নাশকতার উদ্দেশ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম শনিবার সকালে জানান, আগুন দেওয়ার ঘটনা ফেসবুকে পোস্ট করায় সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেন পলাশ (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক আরিফ উপজেলার আরামবাগ গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে। ওসি বলেন, জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








