সফিপুর উড়ালসেতুতে গাড়ির ধাক্কায় সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

Tajanews24

Published: November 11, 2026, 11:14 am

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে উড়ালসেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩৫, ৩০ ও ৮ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত তিনজন একই পরিবারের সদস্য — স্বামী, স্ত্রী ও তাদের সন্তান।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ জানান, মোটরসাইকেলে করে তিনজন কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুতে পৌঁছালে একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার পর পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দেয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি আরও জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।