বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত গাজীপুরের কালিয়াকৈর। বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এর আগে তারা কয়েকটি কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন, এতে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। একপর্যায়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এই ধাওয়ায় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মৌচাক ও আশপাশের বেশ কিছু কারখানায় এদিন ছুটি ঘোষণা করা হয়েছে।







