সরকারি চাকরির নতুন পে স্কেলে যেভাবে মিলবে বিনোদন ভাতা

Published: November 12, 2026, 3:47 am

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের প্রক্রিয়ায় শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে। নতুন এই নির্দেশনা ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য কার্যকর থাকবে। বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, একজন সরকারি কর্মচারী যখন বিনোদন ছুটিতে যাবেন, তখন সেই নির্দিষ্ট মাসে তিনি তার মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। ভাতা নির্ধারণের ক্ষেত্রে পে-ফিক্সেশনের মাধ্যমে পরবর্তীতে পুনর্নির্ধারিত বেতন আর আমলে নেওয়া হবে না। অর্থাৎ, ছুটিতে যাওয়ার মাসে বাস্তবে যে মূল বেতন প্রাপ্ত হবেন, সেটিই হবে ভাতা গণনার ভিত্তি।

অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে। সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আলোকে নতুন বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের অংশ হিসেবে এই নীতিমালার নির্দেশনা দেওয়া হয়েছে।