দুবাইয়ে আড়াই কোটি টাকার গ্র্যান্ড প্রাইজ জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান

Tajanews24

Published: November 12, 2026, 3:21 am

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হামদান আন্তর্জাতিক ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের (হিপা) ১৫তম আসরে সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড প্রাইজ জিতেছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতাটির ইতিহাসে তিনিই প্রথম বাংলাদেশি, যিনি এই শীর্ষ পুরস্কার পেলেন। পুরস্কারের অর্থমূল্য ২ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা।

পেশায় ব্যাংকার পিনু রহমান পুরস্কার পেয়েছেন তাঁর ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের ছবির জন্য। ছবিটিতে ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ঘরের ধ্বংসাবশেষের মধ্যে, খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকা একটি পরিবারকে দেখা গেছে। খালিজ টাইমস জানিয়েছে, ওই আগুনে কড়াইলের দেড় হাজারের বেশি ঘর পুড়ে গিয়েছিল।

মঙ্গলবার সন্ধ্যায় দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম জানিয়েছে, শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম পিনু রহমানের হাতে পুরস্কার তুলে দেন। এবারের আসরের মূল প্রতিপাদ্য ছিল ‘পরিবার’।

এবারের প্রতিযোগিতায় পরিবার, খেলাধুলা, পোর্টফোলিও, সাধারণ ও নতুন যুক্ত হওয়া ‘ড্রিমস থ্রু এআই’ বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। সব বিভাগ মিলিয়ে বিজয়ীদের মধ্যে মোট ১০ লাখ মার্কিন ডলারের পুরস্কার বিতরণ করা হয় বলে আয়োজকদের বরাতে জানা গেছে।

আজকের পত্রিকা জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে সোনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড’ জিতেছিলেন পিনু রহমান। তবে দুবাইয়ের এই গ্র্যান্ড প্রাইজ জয়ই তাঁর আলোকচিত্রজীবনের এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন বলে মনে করা হচ্ছে।