নতুন পে-স্কেলে পেনশন বাড়ল ৫৫ থেকে ১০০ শতাংশ, সর্বনিম্ন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা

Tajanews24

Published: November 13, 2026, 3:18 am

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন বাড়িয়ে নতুন সীমা নির্ধারণ করেছে সরকার। ২০২৬ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী সর্বনিম্ন নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা। বিদ্যমান পেনশনের পরিমাণ অনুযায়ী বৃদ্ধির হার হবে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বুধবার (১১ নভেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা বৃহস্পতিবার (১২ নভেম্বর) গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ক্ষমতাবলে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর কয়েকটি বিধান সংশোধন করে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী নতুন বিধান ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন তারিখে পাওয়া নিট পেনশনের ভিত্তিতে বৃদ্ধির হার নির্ধারণ করা হবে। যাঁদের নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত, তাঁদের পেনশন বাড়বে ১০০ শতাংশ; এ ক্ষেত্রে সর্বনিম্ন হবে ১০ হাজার এবং সর্বোচ্চ ১৮ হাজার টাকা। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনে বৃদ্ধি ৭৫ শতাংশ, সর্বোচ্চ সীমা ৩৫ হাজার টাকা।

একইভাবে ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬৫ শতাংশ বৃদ্ধিতে সর্বোচ্চ সীমা ৪৯ হাজার টাকা, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ বৃদ্ধিতে সর্বোচ্চ ৬২ হাজার টাকা এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশনের ক্ষেত্রে ৫৫ শতাংশ বৃদ্ধিতে সর্বোচ্চ সীমা ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাইয়ের আগে থেকে পেনশন পাওয়া পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের পেনশন ৩০ জুনের প্রাপ্ত অর্থের ভিত্তিতে পুনর্নির্ধারণ করা হবে। তবে যাঁরা ইতিমধ্যে মাসে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তাঁরা ২০২৭ সালের ১ জুলাই বার্ষিক নিট পেনশন বৃদ্ধি কার্যকর হওয়া পর্যন্ত আগের হারেই পেনশন পাবেন।