বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ডিসেম্বরের আগেই, প্রথম ধাপে যাচ্ছেন ১১২ জন

Tajanews24

Published: November 13, 2026, 11:25 pm

সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ধাপে ধাপে এই কর্মী পাঠানো হবে। প্রথম ধাপে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলে ১১২ জন পুরুষ কর্মীকে নিয়োগ দেওয়া হচ্ছে। ডিসেম্বরের আগেই সব প্রক্রিয়া শেষ করে প্রথম দলের কর্মীদের পাঠানো শুরু করতে চায় বোয়েসেল।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। তিনি জানান, মালয়েশিয়ার নিয়োগকারী কোম্পানিগুলোর কাছ থেকে এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পাওয়া গেছে। চাহিদাপত্রের ভিত্তিতেই পর্যায়ক্রমে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে বোয়েসেল জানিয়েছে, গত ২ নভেম্বর ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয় এবং মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে অনলাইন অটোমেশন পদ্ধতিতে দুটি পদে মোট ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।

প্রাথমিকভাবে নির্বাচিত এই ৩০০ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে বেছে নিতে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। প্রতিনিধিদলটি বৃহস্পতিবার থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নিচ্ছে। বোয়েসেল জানিয়েছে, বাছাই প্রক্রিয়ায় তারা কোনো হস্তক্ষেপ করবে না এবং নিয়োগকর্তার নির্বাচিত কর্মীরাই চূড়ান্ত হিসেবে গণ্য হবেন।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী কোম্পানি বহন করবে। বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান বা কর্মীর কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না। তিনি বলেন, শূন্য মানে শূন্য। কেউ বোয়েসেলের নামে বা দালাল হিসেবে টাকা চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।