ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। শুক্রবার কাজিরাঙা জাতীয় উদ্যানের নিকটবর্তী এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। এ ঘটনায় আরও ১১ জন যাত্রী আহত হয়েছেন, যাদের উদ্ধার করে জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আসামের গ্রামীণ উন্নয়নমন্ত্রী অতুল বোরা জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশ কয়েকজন কলেজশিক্ষার্থী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, গাড়ি দুটির অন্তত একটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল, যা এই ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষ বলে তিনি উল্লেখ করেন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, বর্তমানে তাদের প্রধান লক্ষ্য হলো আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা। তিনি এই ক্ষয়ক্ষতির মাত্রাকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে বর্ণনা করেছেন। কাজিরাঙা জাতীয় উদ্যান এলাকাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও এদিন সেখানে শোকের ছায়া নেমে আসে। নগাঁও ও বোকাখাতের মধ্যবর্তী প্রায় ১২০ কিলোমিটারের এই রুটে নিয়মিত যাতায়াত করেন স্থানীয়রা। তিনি আরও লিখেছেন, এ মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো, আহতরা যেন বিলম্ব ছাড়াই সর্বোত্তম চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা। সড়কপথে বোকাখাত থেকে এর দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর দিযেছে।
রাজ্যে সড়ক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের কথা জানিয়েছেন বিরোধী দলের প্রধান লুরিনজ্যোতি গগৈ। তিনি এই সংকট সমাধানে সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ভারতে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সেই হিসেবে প্রতিদিন গড়ে ৪৭৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন, যা প্রতি তিন মিনিটে একজনের মৃত্যুর সমান। ২০২৫ সালে এই মৃত্যুর সংখ্যা আরও বেড়ে ১ লাখ ৮৩ হাজার ৩৮২ জনে পৌঁছায়। বিশেষজ্ঞদের মতে, অবকাঠামোগত ত্রুটির পাশাপাশি মানুষের অসতর্কতা এবং আইনের যথাযথ প্রয়োগের অভাবই এই পরিস্থিতির জন্য দায়ী।








