যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যাংক জেপি মরগান চেজসহ ক্রেডিট কার্ড জায়ান্ট ভিসা ও মাস্টারকার্ড সাইবার হামলার শিকার হয়েছে। ‘এনজিরোএন’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এই হামলার মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর বা তার কাছাকাছি সময়ে এই সাইবার আক্রমণ চালানো হয়। একই দিনে জেপি মরগান চেজ ও অন্যান্য বড় আর্থিক প্রতিষ্ঠানে বড় ধরনের সিস্টেম বিভ্রাট লক্ষ্য করা গিয়েছিল। একটি র্যানসমওয়্যার গোষ্ঠী এই হামলা চালিয়েছে।
জেপি মরগান চেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাইবার হামলায় গ্রাহকের নাম ও ই-মেইল ঠিকানা চুরি হতে পারে। তাদের প্রাথমিক তদন্তে দেখা গেছে, আর্থিক প্রতিষ্ঠানটির বিপণন সংক্রান্ত তথ্য ব্যবহারের অনুমতি থাকা তৃতীয় পক্ষের বিক্রেতা প্রতিষ্ঠানগুলোই মূলত এই হামলার লক্ষ্যবস্তু ছিল। তবে ব্যাংকটির দাবি, সম্প্রতি বিশ্বব্যাপী প্রযুক্তিপ্রতিষ্ঠান ও ফেডারেল সংস্থাগুলোতে চলমান সিস্টেম বিভ্রাটের সঙ্গে এই ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই।
ভিসা ও মাস্টারকার্ড কর্তৃপক্ষও পৃথকভাবে তাদের অবস্থানের কথা জানিয়েছে। ভিসা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাদের একটি তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এ হামলার কবলে পড়েছিল। তবে এ ঘটনায় ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের কোনো তথ্য বা ক্রেডিট কার্ডের নম্বর চুরি হয়নি। মাস্টারকার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, অত্যন্ত সামান্যসংখ্যক কার্ড ব্যবহারকারী এই হামলায় প্রভাবিত হয়েছেন, যারা মূলত একটি নির্দিষ্ট রিওয়ার্ডস প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সোকরাডার ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সাইবারনিউজ দাবি করেছে, হ্যাকার গোষ্ঠীটি ডার্ক ওয়েবে এই হামলার দায় স্বীকার করেছে। তাদের কাছে গ্রাহকদের হাজার হাজার ব্যক্তিগত রেকর্ড, ফোন নম্বর এবং হোটেল বা রেস্তোরাঁ বুকিংয়ের তথ্য রয়েছে। তথ্যগুলো প্রকাশের আগে এনজিরোএন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মুক্তিপণ দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময়ও দিয়েছিল। সাইবারনিউজ বলছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভুক্তভোগীদের নাম, ব্যক্তিগত ই-মেইল এবং মুঠোফোন নম্বর হ্যাকারদের হাতে পৌঁছেছে।








