দেশে এলইইডি সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ

Tajanews24

Published: নভেম্বর 20, 2026, 7:00 অপরাহ্ন

পরিবেশবান্ধব শিল্পকারখানা গড়ে তোলার ক্ষেত্রে নতুন মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এলইইডি সনদ পাওয়ায় দেশে এ ধরনের সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা বেড়ে ৩০২টিতে দাঁড়িয়েছে। ইউএসজিবিসির তথ্য অনুযায়ী, এই সংখ্যায় বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের সংকলিত তথ্য অনুযায়ী, ৩০২টি কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড শ্রেণির সনদ পেয়েছে। শুধু মোট সংখ্যায় নয়, মানের দিক থেকেও দেশের অবস্থান শক্তিশালী—বিশ্বের সর্বোচ্চ স্কোর পাওয়া ১০০টি এলইইডি সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত বলে সংশ্লিষ্ট তথ্যে জানানো হয়েছে।

নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে নয়টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড শ্রেণিতে স্থান পেয়েছে। এর মধ্যে ঢাকার ধামরাইয়ের অ্যাডজি ট্রিমস লিমিটেড সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছে। গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড পেয়েছে ৯১ পয়েন্ট এবং প্রবৃদ্ধি অ্যাপারেলস পেয়েছে ৮৮ পয়েন্ট। অন্যদিকে নারায়ণগঞ্জের বার্নালি কালেকশনসের নিটিং ইউনিট ৬৮, চট্টগ্রামের বেস্টেক বিডি ৬৬ এবং টাঙ্গাইলের মির্জাপুরের এক্সপোর্ট বিল্ডিং-২ ৬৪ পয়েন্ট পেয়ে গোল্ড সনদ অর্জন করেছে।

এলইইডি সনদ দেওয়া হয় ভবনের পরিবেশগত কার্যকারিতা, জ্বালানি ও পানির সাশ্রয়ী ব্যবহার, নির্মাণ উপকরণের ব্যবস্থাপনা এবং ভবনের ভেতরের পরিবেশের মানসহ বিভিন্ন দিক মূল্যায়ন করে। পয়েন্টের ভিত্তিতে এই সনদের চারটি স্তর রয়েছে—প্লাটিনাম, গোল্ড, সিলভার ও সার্টিফায়েড। বাংলাদেশে প্রথম কোনো কারখানা এই সনদ পায় ২০১২ সালে; পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভিনটেজ ডেনিম স্টুডিও সে বছর প্লাটিনাম সনদ অর্জন করেছিল।

পরিবেশবান্ধব কারখানার সংখ্যা ৩০০ ছাড়ানোয় সন্তোষ প্রকাশ করেছেন বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, তৈরি পোশাক ও বস্ত্র খাতে এলইইডি সনদপ্রাপ্ত কারখানার ক্রমবর্ধমান সংখ্যা পরিবেশবান্ধব শিল্প অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিরই নির্দেশক।