নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের (পদ্মা রেল লিংক) ৩৪ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্র তাপে পিলারটির বাইরের আস্তরণ খসে পড়ে ভেতরের রড বেরিয়ে এসেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ঝুঁকি এড়াতে ওই পিলারের ওপর দিয়ে চলাচলকারী ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় পিলারসংলগ্ন একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে আগুন লাগে। পিলারের নিচে স্তূপ করে রাখা প্লাস্টিকের স্যান্ডেলের বস্তা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পাশের একটি একতলা বাড়ি ও একটি টিনশেড ঘরও পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাগলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুমন মিয়া জানিয়েছেন, সাধারণ অগ্নিকাণ্ডে তাপমাত্রা ২০০ থেকে ২৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও প্রচুর প্লাস্টিকজাত দাহ্য পদার্থ থাকায় সেখানে আগুনের তীব্রতা প্রায় ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এই অতিরিক্ত তাপেই কংক্রিটের পিলারের আস্তরণ খসে পড়ে রড বেরিয়ে গেছে বলে তিনি জানান।
খবর পেয়ে শনিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. সুবক্তগীনকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত পিলারটি পরিদর্শন করেন। সেতু কর্তৃপক্ষ ও নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারাও ঘটনাস্থল ঘুরে দেখেছেন এবং প্রকল্পের প্রকৌশলীরা পিলারটির প্রয়োজনীয় সংস্কারকাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণসহ সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত ট্রেন চলাচল বন্ধ না করে গতি সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।








