হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত হেনে তিন তেল ট্যাংকারে আগুনের দাবি আইআরজিসির

Tajanews24

Published: নভেম্বর 24, 2026, 2:00 অপরাহ্ন

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত হেনে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মঙ্গলবার ভোরে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী বলেছে, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী তিনটি জাহাজ অনিরাপদ পথে চলতে গিয়ে নৌমাইনে আঘাত হানে এবং তাতে তীব্র বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে।

আইআরজিসির বিবৃতির বরাতে ইরনা জানিয়েছে, একটি ট্যাংকার ইরানের দক্ষিণ উপকূলের কাছে বিস্ফোরিত হয়, আর বাকি দুটি মঙ্গলবার মধ্যরাতের আগে হরমুজ প্রণালির পূর্বাংশে মাইনে আঘাত হানে। বিবৃতিতে আরও বলা হয়েছে, জাহাজ তিনটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যাপক আকাশ-সুরক্ষা ও পাহারার মধ্যে ছিল, কিন্তু মার্কিন সহায়তা এসব ঘটনা ঠেকাতে পারেনি। আইআরজিসি জানিয়েছে, বিস্ফোরণ ও আগুনের ছবি পরে প্রকাশ করা হবে।

বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি অননুমোদিত পথ পরীক্ষা করা কিংবা সামুদ্রিক সতর্কতা উপেক্ষা করার জায়গা নয়। জাহাজের মালিক, কমান্ডার ও শিপিং কোম্পানিগুলোর উদ্দেশে বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক পাহারা থাকলেই সামুদ্রিক বিধি এবং আইআরজিসি নৌবাহিনীর ট্রাফিক কন্ট্রোল সেন্টারের নির্দেশনা মানা থেকে ছাড় মিলবে না। অননুমোদিত পথ ব্যবহারকারী জাহাজকে নিয়ম লঙ্ঘনকারী হিসেবে গণ্য করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে ট্যাংকার তিনটির নাম, পতাকা, মালিকানা কিংবা হতাহতের কোনো তথ্য আইআরজিসির বিবৃতিতে দেওয়া হয়নি। দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড কোনো মন্তব্য করেনি। সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিশ্বের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তার প্রভাব পড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে এই ঘটনার পর প্রণালি দিয়ে জাহাজ চলাচল বা বিশ্ববাজারে তেলের দামে তাৎক্ষণিক কোনো পরিবর্তনের খবর প্রতিবেদনগুলোতে পাওয়া যায়নি।