চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুটি বালু কাটার ড্রেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার নাছিরাকান্দি এলাকায় নদীতে টহল দেওয়ার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযানটি পরিচালিত হয় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিনের নেতৃত্বে। এতে উপপরিদর্শক মো. মোহসীন হোসাইনসহ ফাঁড়ির অন্য সদস্যরা অংশ নেন। পুলিশ জানিয়েছে, গোপন তথ্য ও নিয়মিত টহলের ভিত্তিতে নাছিরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুটি ড্রেজার জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের মোহন সৈয়াল (৫৫) ও একই এলাকার আতাউর রহমান শিমুল (৪২), গজারিয়া উপজেলার গোমালগাঁও গ্রামের ফরিদ উদ্দিন (৪১), খুলনার খানজাহান আলী উপজেলার আটরা গ্রামের সাখাওয়াত খান (৫৫) এবং রূপসা উপজেলার সিংহারচর গ্রামের আসলাম ঢালী (৪৫)।
নৌ পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, কানা জহির, ছোট মিস্টার ও হোসেন মিয়াজির নেতৃত্বে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল বলে পুলিশ জানিয়েছে।
ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেছেন, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। নদীর পরিবেশ ও নৌপথের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান চলবে বলেও তিনি জানান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।








