আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, বেসরকারি ফলে সভাপতি রাজু গোয়ালা

Tajanews24

Published: নভেম্বর 28, 2026, 7:06 অপরাহ্ন

দীর্ঘ আট বছর পর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটি—এই পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় বলে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

গণনা শেষে পাওয়া বেসরকারি ফলাফলে কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে হবিগঞ্জের আমু চা বাগানের মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন বলে নির্বাচনসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সভাপতি পদে রাজু গোয়ালার প্রতিদ্বন্দ্বী ছিলেন শ্রীমঙ্গলের লাখাইছড়া বাগানের পঙ্কজ কন্দ; সাধারণ সম্পাদক পদে আরও লড়েছিলেন পরেশ কালিন্দি ও নিপেন পাল।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ লাখ ৪৫ জন। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সাতটি ভ্যালি কমিটি ও বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নেতৃত্ব বেছে নিতে ভোট দেন শ্রমিকরা। ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার উপস্থিতি ৯০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে নির্বাচন কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন; সিলেটের জৈন্তাপুরের সাতটি বাগানে বেলা ৩টা পর্যন্ত ৯৭ দশমিক ৩০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।

ইউনিয়নটির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০২১ ও ২০২৪ সালে তা হয়নি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন বলে রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানিয়েছেন।

ন্যায্য মজুরি, ভূমি অধিকার, চিকিৎসা ও শিক্ষাসহ দীর্ঘদিনের দাবিগুলো আদায়ে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ শ্রমিকরা। নির্বাচিতদের সঙ্গে সাতটি ভ্যালি থেকে ২২ জন প্রতিনিধিকে নিয়ে ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হবে।