বিশ্বজুড়ে হামে মৃত্যু যখন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, তখন বাংলাদেশে চলছে রোগটির নথিভুক্ত ইতিহাসের সবচেয়ে বড় প্রাদুর্ভাব। শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ প্রতিবেদন এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে এই বিপরীত চিত্র উঠে এসেছে বলে চ্যানেল আই অনলাইন জানিয়েছে।
ডব্লিউএইচও জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে হামে আনুমানিক ৭২ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা ২০০০ সালের তুলনায় ৯১ শতাংশ কম। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০০০ সাল থেকে হামের টিকা ছয় কোটির বেশি মানুষের জীবন রক্ষা করেছে। তবে একই বছরে বিশ্বে আনুমানিক ৯৮ লাখ মানুষ হামে আক্রান্ত হয়েছে এবং ৫৯টি দেশে বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে ১ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৬ জনের, বাকি ১ হাজার ২৭২ জন মারা গেছেন হামসদৃশ উপসর্গ নিয়ে।
ডব্লিউএইচওর পর্যবেক্ষণে বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালে হাম-রুবেলা টিকার সরবরাহসংকট, নিয়মিত টিকাদানে ঘাটতি এবং দীর্ঘ সময় দেশব্যাপী সম্পূরক টিকাদান অভিযান না হওয়ায় বিপুলসংখ্যক শিশু সংক্রমণের ঝুঁকিতে পড়ে। বিশ্বব্যাপী হামের টিকার প্রথম ডোজ পেয়েছে ৮৪ শতাংশ শিশু এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ৭৭ শতাংশ। অথচ রোগটির বিস্তার কার্যকরভাবে ঠেকাতে প্রতিটি জনগোষ্ঠীতে অন্তত ৯৫ শতাংশ শিশুর দুই ডোজ টিকা নিশ্চিত করা প্রয়োজন বলে সংস্থাটি জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বের মোট হাম সংক্রমণের ৪৭ শতাংশই ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে, যেখানে প্রায় ৪৬ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং আনুমানিক ১৬ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে টানা ২৫৩ দিন পর গত ২৩ নভেম্বর প্রথমবারের মতো হামে মৃত্যুহীন একটি দিন পার হলেও পরদিনই আবার মৃত্যুর খবর আসে। ফলে সংক্রমণের ব্যাপকতা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।








