ভোলায় নতুন খনন করা ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। বাপেক্স জানিয়েছে, এই স্তর থেকে প্রতিদিন ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে। এর আগে কূপটির প্রথম ও দ্বিতীয় স্তরেও গ্যাস পাওয়া গিয়েছিল।
রোববার (২৯ নভেম্বর) ভোরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত কূপটির তৃতীয় স্তরে আগুন জ্বালানোর মধ্য দিয়ে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম শুরু হয়। বাপেক্সের তথ্য অনুযায়ী, পরীক্ষাটি এখনো চলমান রয়েছে এবং সব স্তরের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কূপটিতে মোট গ্যাসের মজুত সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাবে না।
বাপেক্স জানায়, কূপটি খনন করা হয়েছে ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত। প্রাথমিক হিসাবে প্রথম স্তর থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট এবং দ্বিতীয় স্তর থেকে দৈনিক ১৮ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় স্তরটি ৩ হাজার ২৬১ দশমিক ৫ থেকে ৩ হাজার ২৬৬ দশমিক ৫ মিটার গভীরে এবং সদ্য পরীক্ষা করা তৃতীয় স্তরটি ৩ হাজার ১৮৭ থেকে ৩ হাজার ১৯০ মিটার গভীরে অবস্থিত বলে সংস্থাটি জানিয়েছে।
খননের ধাপগুলো সম্পর্কে বাপেক্স জানায়, গত ৯ সেপ্টেম্বর ভোলা নর্থ-৩ কূপের খননকাজ শুরু হয়। খনন শেষে গত ১৪ নভেম্বর পারফোরেশন সম্পন্ন করা হয়, এরপর ১৫ নভেম্বর সকালে প্রথম স্তরের ডিএসটি এবং ২২ নভেম্বর দ্বিতীয় স্তরের ডিএসটি শুরু হয়েছিল। পর্যায়ক্রমে তিনটি স্তরেই গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ায় কূপটিকে ঘিরে প্রত্যাশা বেড়েছে।
বাপেক্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভোলার বোরহানউদ্দিন ও সদর উপজেলায় তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। নতুন এই কূপটি যুক্ত হওয়ায় ওই গ্যাসক্ষেত্রগুলোতে মোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। ডিএসটির চূড়ান্ত ফল পাওয়ার পর কূপটির প্রকৃত উৎপাদন সক্ষমতা ও মজুতের পরিমাণ জানানো হবে বলে জানিয়েছে বাপেক্স।







