দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে জুয়েলারি ব্যবসায়ী সমিতি। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দর কমে যাওয়ায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা গত রোববার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং বুধবারও এই দাম বহাল রয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৩ অক্টোবর স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। তখন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা করা হয়েছিল। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমান দর অনুযায়ী, গত রোববার থেকে প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এর আগেও দুই দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল।








