জাপানি বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে প্রধানমন্ত্রীর সাথে মারুবেনি চেয়ারম্যানের বৈঠক

Published: October 26, 2026, 9:03 am

জাপানের স্থানীয় সময় সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির সভাপতি এবং মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি। উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। মাসুমি কাকিনোকি এ সময় অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর করার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে মাসুমি কাকিনোকির নেতৃত্বের প্রশংসা করেন। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসায়িক সুসম্পর্ক উন্নয়নে চেয়ারম্যানের ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনমুখী শিল্প খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানান। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) মাধ্যমে এসব খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) আধুনিকীকরণ এবং দেশে নতুন আরেকটি সার কারখানা স্থাপনের বিষয়ে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ সরকার জাপানি বিনিয়োগকারীদের জন্য একটি অনুকূল ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে বিনিয়োগ অনুমোদনের প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়ন্ত্রক কাঠামোতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে।

সাক্ষাতকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ অক্টোবর ঢাকায় মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি ওমোতোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। ওই আলোচনায় তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা এবং জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ ও সহযোগিতার বিষয়টি প্রাধান্য পেয়েছিল।