যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের সংঘর্ষে তিনজনের মৃত্যু

Published: October 30, 2026, 9:22 am

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে আকাশপথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি পার্শ্ববর্তী মহাসড়কের পাশের একটি খোলা মাঠে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।

নিহতদের মধ্যে রবিনসন আর২২ হেলিকপ্টারে থাকা ২২ বছর বয়সি ফ্লাইট প্রশিক্ষক ম্যাডি আসবো অন্যতম। একই হেলিকপ্টারে থাকা যুক্তরাজ্যের এক শিক্ষানবিশ পাইলটও এ ঘটনায় মারা গেছেন, যার পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি। ভুক্তভোগীর পরিবারের কাছে খবর পৌঁছে দিতে এফবিআই ও কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অন্য হেলিকপ্টারটির একমাত্র আরোহী ছিলেন ওরেগনের নিউবার্গের বাসিন্দা ৩৮ বছর বয়সি টাইলার ডেলেন স্টারডেভ্যান্ট।

দুর্ঘটনাকবলিত একটি হেলিকপ্টার পরিচালনার দায়িত্বে ছিল ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘জেরি ট্রিম্বল হেলিকপ্টারস’। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে যে, তারা দুর্ঘটনার তদন্তে কর্মকর্তাদের সাথে পূর্ণ সহযোগিতা করছে। এদিকে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত কার্যক্রম পরিচালনার সুবিধার্থে সাধারণ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। কী কারণে মাঝ আকাশে এমন ভয়াবহ সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুর্ঘটনার বিষয়ে এফএএর কাছে আনুষ্ঠানিক মন্তব্য জানতে চাওয়া হয়েছে।