দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস২৬ এফই মডেলের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। রাজধানীর বনানীর গ্যাজেট অ্যান্ড গিয়ার শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনটির বিভিন্ন কারিগরি দিক ও বিশেষ ফিচারগুলো তুলে ধরা হয়। ৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২১ হাজার ৯৯৯ টাকা। এর সঙ্গে ক্রেতারা ১২ মাসের বিক্রয়োত্তর সেবা পাবেন।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী এক্সিনস ২৫০০ প্রসেসর এবং ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ৪৫ ওয়াটের চার্জার ব্যবহারের মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ফোনটি ৬৯ শতাংশ চার্জ করা সম্ভব। এর ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, যা ভিডিও ও ছবি দেখার ক্ষেত্রে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৭ ও ওয়ান ইউআই ৯ অপারেটিং সিস্টেমনির্ভর, যেখানে সাত প্রজন্মের ওএস হালনাগাদ ও সাত বছরের নিরাপত্তা আপডেট সুবিধা পাওয়া যাবে। ফোনটিতে ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা সম্ভব। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একাধিক সুবিধাও রয়েছে ফোনটিতে। ফলে চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। এসব সুবিধা ফোনটিকে ক্রিয়েটর ডিভাইস হিসেবে পরিচিত করে তুলবে।
ছবি ও ভিডিও ধারণের জন্য ফোনের পেছনে তিনটি ক্যামেরা রয়েছে, যার মধ্যে ৫০, ১২ ও ৮ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত। সেলফির জন্য সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। স্যামসাং বাংলাদেশের মোবাইল এক্সপেরিয়েন্স বিভাগের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার জানান, ফোনটিতে ‘মাই ফ্যানক্যাম’ এবং ‘সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক’ ফিচার রয়েছে, যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বেশ কার্যকর হবে। মাই ফ্যানক্যাম সুবিধা কাজে লাগিয়ে একসঙ্গে থাকা দুই ব্যক্তির মধ্যে একজনকে প্রাধান্য দিয়ে ভিডিও করা যায়।
গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদ বলেন, গ্যালাক্সি এস২৬ এফই মডেলের নতুন এই স্মার্টফোনটি ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা দেবে। গ্রাহকরা চাইলে ৯ মাস এবং ১৮ মাসের কিস্তিতে ফোনটি কিনতে পারবেন। এছাড়া গ্যাজেট অ্যান্ড গিয়ারের পক্ষ থেকে ফোনটি কেনার ক্ষেত্রে দুই হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।






