ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় দুই হাজার

Published: November 2, 2026, 11:45 am

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি কোনোভাবেই থামছে না। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৭০ জন রোগী।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯০০ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, বরিশাল বিভাগে ১৮৩ জন, রাজশাহী বিভাগে ১৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯৫ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ২২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ছয় হাজার ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট এক লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৩২ হাজার ৪৯৯ জন। সব মিলিয়ে এ বছর মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে।

গত কয়েক বছরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ২০২৩ সালে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন ডেঙ্গুতে মারা যান এবং তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন। এছাড়া ২০২৪ সালে এক লাখ এক হাজার ২১৪ জন আক্রান্ত ও ৫৭৫ জনের মৃত্যু হয়। অন্যদিকে, ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মৃতের সংখ্যা ৪১৩ জন। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।