তাহসিফ সাউরি মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

Published: October 30, 2026, 8:16 am

রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ি ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ। বর্তমানে তাকে পিবিআই হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের ভাষ্যমতে, ঘটনার সময় তাহসিফের সঙ্গে দীপের কথোপকথন হচ্ছিল। এক পর্যায়ে পুলিশের কিছু সদস্যের তাড়া খেয়ে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে দাবি করেছেন তিনি। তবে এই বক্তব্যের সত্যতা যাচাইয়ে কাজ করছে তদন্তকারী দল। ঢাকার উত্তর খানের তুরাগের নদের রাজবাড়ী ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) লাশ উদ্ধার করা হয়েছে, এর কাছের এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে নিয়ে বেশ কয়েকটি স্পটে গিয়েছি। জিজ্ঞাসাবদে দীপ জানিয়েছেন, তারা ঘটনাস্থলে কথা বলছিলেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজবাড়ি ঘাট এলাকাটি স্থানীয়ভাবে মাদক সেবন ও কারবারের স্পট হিসেবে পরিচিত। মাদক কারবারিদের ধাওয়া খেয়েই তাহসিফ নদীতে পড়ে ডুবে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার ক্লু অনুসন্ধানে পিবিআই ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এছাড়া গত বৃহস্পতিবার রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যা লাশ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে ছিল। মোটরসাইকেলটি উত্তরখান থানায় রাখা হয়েছে এবং এটি তাহসিফের কি না, তা নিশ্চিত হতে যাচাই-বাছাই চলছে।

তদন্তে নৌ পুলিশকে সহায়তা দিচ্ছে পিবিআই। পিবিআই সদর দপ্তরের বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মোটরসাইকেলটি তাহসিফেরই। গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরায় নিজের বাসা থেকে বের হওয়ার পর দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তার মায়ের কাছে ভয়েস মেসেজ পাঠিয়ে ফিরছেন বলে জানিয়েছিলেন। কিন্তু এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এদিকে ছেলের মৃত্যু নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন তাহসিফের বাবা কেএম এনায়েতুল করিম। তিনি এটিকে সাধারণ ঘটনা বা আত্মহত্যা বলে মানতে নারাজ। তার মতে, যথাযথ সরকারি তদন্তের মাধ্যমেই প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব। এই অকাল মৃত্যুর কারণ উদঘাটনে পিবিআই ও পুলিশ ব্যাপক তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।