যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি ১২টি আসনে জয়লাভ করেছে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি এখন পর্যন্ত চারটি আসনে জয় পেয়েছে। ৪৩৫টি আসন বিশিষ্ট এই পরিষদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যেকোনো দলকে কমপক্ষে ২১৮টি আসনে জয়ী হতে হবে। ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকানরা মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।
সিএনএন ও আলজাজিরার তথ্য অনুযায়ী, দেশজুড়ে ৫০টি অঙ্গরাজ্যে মঙ্গলবার সারাদিন ভোটগ্রহণ চলেছে। এর মধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফলাফল আসা শুরু হয়েছে, তবে অনেক এলাকায় এখনো ভোট গণনা চলছে। আলজাজিরার সর্বশেষ হিসাবমতে, রিপাবলিকান পার্টি বর্তমানে আরও ৪০টি আসনে এগিয়ে রয়েছে এবং ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে ৩৫টি আসনে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটের ব্যবধানে রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিনিধি পরিষদের পাশাপাশি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনেও ভোট অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সিনেটে ডেমোক্র্যাটিক পার্টি পাঁচটি আসনে এবং রিপাবলিকান পার্টি দুটি আসনে এগিয়ে আছে। তবে এখন পর্যন্ত সিনেটের কোনো আসনেই চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়নি। চূড়ান্ত ফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।








