সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

Published: November 5, 2026, 9:45 am

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এবং এর আশপাশের এলাকায় সব ধরনের মিছিল, সভা-সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ওই এলাকায় যেকোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক দ্রব্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধের কথা জানানো হয়। আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে। শেরেবাংলা নগরে অবস্থিত সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকাগুলোর নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞাটি আগামী ৮ নভেম্বর রোববার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং সংসদের এই অধিবেশন সমাপ্ত না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এবং বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত অংশ। এছাড়া পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট এলাকা, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল এবং রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকাও এর অন্তর্ভুক্ত। একই সঙ্গে ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং সীমানার ভেতরের সব রাস্তা ও গলি এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।