শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডেও শিশুদের দক্ষ করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়ায় ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
আগামীর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে কেমন শিক্ষা দেওয়া প্রয়োজন, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা, নাচ-গান ও সংস্কৃতিচর্চাসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। খেলাধুলা শরীর ও মন ভালো রাখে, তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই ও শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে শিক্ষাক্রমে নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশে বিদ্যালয়গুলোতে স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে।
যেসব বিদ্যালয়ে খেলার মাঠ নেই, সেসব বিদ্যালয়ে ছোট ছোট খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও শিক্ষামন্ত্রী জানান। তিনি বলেন, খেলাধুলার সুযোগ থেকে কোনো শিক্ষার্থীকে বঞ্চিত রাখা যাবে না। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।
এর আগে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পরিকল্পনায় নির্মিত ‘প্রকৃতির পাঠশালা’র উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে শিশুরা প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ পাবে। উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী শিশুদের সঙ্গে হাসি-গল্পে সময় কাটান।








