ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

Published: November 11, 2026, 5:25 am

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের সুনির্দিষ্ট হুমকি পাওয়ার পর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন এলাকার নিজ বাড়ি ছেড়ে তিনি একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে অবগত তিনটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো অত্যন্ত সংবেদনশীল হওয়ায় নিজেদের নাম প্রকাশের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রেখেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ওপর হামলার বিষয়ে ইরানের ষড়যন্ত্র আগের চেয়ে অনেক বেশি অগ্রসর পর্যায়ে রয়েছে। বেসেন্টকে লক্ষ্য করে আসা হুমকির গোয়েন্দা তথ্যগুলো এই মূল্যায়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে। শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকির পরিধি সম্পর্কে প্রশাসন বিস্তারিত কিছু জানায়নি। এসব হুমকির সবটার সঙ্গেই ইরানের সংশ্লিষ্টতা নেই। এর মধ্যে তার এমন কয়েকজন সাবেক উপদেষ্টাও ছিলেন, যারা এখনো নিজেদের ট্রাম্পের মিত্র বলে মনে করতেন।

চলতি বছরের আগস্ট মাস থেকে ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার লক্ষ্যে কঠোর নিষেধাজ্ঞা ও বাণিজ্য বিধিনিষেধ আরোপের অভিযানে নেতৃত্ব দিচ্ছেন স্কট বেসেন্ট। এই ভূমিকা পালনের কারণেই তিনি ইরানের হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বেসেন্টের ওপর হুমকির ভয়াবহতা ঠিক কতটা বা এর প্রকৃতি কী, তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে, ইরানের এ ধরনের হুমকি বা চাপের মুখে অর্থমন্ত্রী পিছু হটবেন না। বরং ইরানের অর্থনীতিকে চাপে ফেলার যে পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন, তা বাস্তবায়নে তিনি অবিচল।

মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন যে, যুক্তরাষ্ট্র বা বিদেশের মাটিতে বড় ধরনের সামরিক হামলা চালানোর মতো সক্ষমতা ইরানের সীমিত। তা সত্ত্বেও নির্দিষ্ট কোনো ব্যক্তিকে লক্ষ্য করে চালানো ইরানের সুনির্দিষ্ট হুমকিগুলোকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। উদাহরণ হিসেবে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্রের ঘটনাটি উল্লেখ করা যেতে পারে। ট্রাম্প প্রশাসনের সর্বশেষ জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে স্কট বেসেন্ট সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন। এর আগে গত বছর হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিসহ অন্তত ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তা একই ধরণের নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

বন্ডির ক্ষেত্রে হুমকির একটি কারণ ছিল ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে ধরে এনে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা। এছাড়া গত মাসে ইরান কর্তৃক মার্কিন নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে থাকার গোয়েন্দা তথ্য পাওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি করা হয়। এর অংশ হিসেবে বিভিন্ন দূতাবাস ও কনস্যুলেটে কর্মীর সংখ্যা কমানো হয়েছে। এমনকি বৃটেনের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সেখান থেকে আকস্মিকভাবে বোমারু বিমান সরিয়ে নিতে বাধ্য হয় মার্কিন সামরিক বাহিনী। যুদ্ধটি যুক্তরাষ্ট্রে ব্যাপক অজনপ্রিয়।

বেসেন্টের নেতৃত্বে চলমান অর্থনৈতিক চাপ প্রয়োগের মূল লক্ষ্য হলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অর্থের উৎস বন্ধ করে দেওয়া। সামরিক বাহিনীর এই শাখাটি ইরানের অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করে। ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু করেছিলেন, তাতে মার্কিন বাহিনীকে যেন পুনরায় কোনো বড় ধরনের সামরিক অভিযানে নামতে না হয়, তা নিশ্চিত করাই এই অর্থনৈতিক যুদ্ধের মূল উদ্দেশ্য। যদিও ট্রাম্প নিজেই এ ধরনের সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রশাসনের কর্মকর্তাদের দাবি, এই অভিযানের ফলে ইরানের অর্থনীতি সংকুচিত হচ্ছে এবং দেশটির মুদ্রার মান পড়ে গিয়ে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু করেছিলেন, তাতে যুক্তরাষ্ট্রকে যেন আবার বড় ধরনের সামরিক অভিযান চালাতে না হয়, সেই লক্ষ্যেও এ অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।

তবে সরাসরি অবগত কর্মকর্তাদের মতে, মার্কিন গোয়েন্দা তথ্য বলছে যে ইরানের কট্টরপন্থি নেতৃত্ব যেকোনো মূল্যেই ক্ষমতা আঁকড়ে থাকতে বদ্ধপরিকর। এটি ইঙ্গিত দেয় যে, কেবল অর্থনৈতিক দুর্ভোগের মাধ্যমে শাসনব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব নাও হতে পারে। ট্রাম্পের ওপর ইরানের ক্ষোভের ইতিহাস দীর্ঘ। ২০২০ সালের জানুয়ারিতে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ২০২৪ সালে ফেডারেল কৌঁসুলিরা ফরহাদ শাকেরি নামের এক ব্যক্তিকে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত করেন, যিনি রেভল্যুশনারি গার্ডের একজন অপারেটিভ ছিলেন। সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতেই এই পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। সোলাইমানি হত্যার সাথে জড়িত জাতীয় নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা বাইডেন প্রশাসন বহাল রাখলেও, দায়িত্ব গ্রহণের পরপরই ট্রাম্প তা প্রত্যাহার করে নিয়েছিলেন, যার ফলে তারাও বর্তমানে ঝুঁকির মুখে রয়েছেন।