রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, মুকুল কালু মিয়ার ছেলে এবং শাকিব লোকমান বসুনিয়ার ছেলে। নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁদের এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন।
বাসের যাত্রী আতিক ইসলামের বরাতে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, তাঁর কাছে তিন লাখ টাকা থাকায় তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে তাঁকে বাসে আটকে রাখা হয়। আতিক জানান, হেলপার ও সুপারভাইজার তাঁকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব তাঁকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে তাঁদের ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে একটি দল সকাল আটটার দিকে জিগাতলা এলাকায় গিয়ে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখে। তাঁদের একজন ঘটনাস্থলেই মারা যান; অন্যজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন ও একটি মাইক্রোবাসের যাত্রীরা চিকলী এলাকায় বাসটি আটক করেন বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।








