লিবিয়ার বেনগাজি বন্দরে ইউক্রেনের সি-ড্রোন হামলায় ডুবে গেল রুশ যুদ্ধজাহাজ মারকিউরি

Tajanews24

Published: নভেম্বর 24, 2026, 8:11 পূর্বাহ্ন

লিবিয়ার বেনগাজি বন্দরে সি-ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার নৌবাহিনীর কর্ভেট মারকিউরি ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, রোববার সাতটি নৌ-ড্রোন দিয়ে চালানো এই অভিযানকে তিনি রাশিয়ার যুদ্ধের জবাবে একটি ‘দৃষ্টান্তমূলক’ অভিযান হিসেবে বর্ণনা করেছেন। রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, হামলায় যুদ্ধজাহাজটির ওপর থাকা একটি কা-২৭ যুদ্ধ হেলিকপ্টারও ধ্বংস হয়েছে।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, মারকিউরি রাশিয়ার সবচেয়ে নতুন যুদ্ধজাহাজগুলোর একটি; ২০২৩ সালে এটি নৌবাহিনীতে যুক্ত হয়। একই অভিযানে দ্বিতীয় লক্ষ্যবস্তু ছিল রুশ শুকনো পণ্যবাহী জাহাজ এমভি আঙ্গারা, যেটি মস্কো অস্ত্র পরিবহনে ব্যবহার করত বলে কিয়েভ দাবি করেছে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পণ্যবাহী জাহাজটির সব ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার জানিয়েছে, সহযোগিতা চুক্তির আওতায় রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ নিতে মারকিউরি বেনগাজির নৌঘাঁটিতে নোঙর করেছিল। পূর্বাঞ্চলীয় বাহিনীর উপপ্রধান সাদ্দাম হাফতার বলেছেন, লিবিয়ার ভূখণ্ড বা জলসীমাকে বাইরের সংঘাতের ময়দান হিসেবে ব্যবহার করা তাঁরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। লিবিয়ায় জাতিসংঘ সহায়তা মিশনও হামলা নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করে অবিলম্বে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় লিবিয়া উপকূলের হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ফিনল্যান্ড উপসাগরে রুশ পণ্যবাহী জাহাজে সন্দেহভাজন ইউক্রেনীয় ড্রোন হামলার পর বাল্টিক সাগরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে মস্কো উদ্বিগ্ন; তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড অঞ্চলটিতে উত্তেজনা বাড়িয়ে তুলছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্র থেকে প্রায় দুই হাজার ৪০০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে চালানো এই অভিযান দেখিয়ে দিল, কিয়েভ এখন রাশিয়ার সামরিক সম্পদকে দেশের বাইরেও লক্ষ্যবস্তু করছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া পশ্চিমে ত্রিপোলিভিত্তিক সরকার ও পূর্বে প্রতিদ্বন্দ্বী প্রশাসনের মধ্যে বিভক্ত; পূর্বাঞ্চলের নেতৃত্ব মস্কোর ঘনিষ্ঠ বলে পরিচিত।