গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে আগুন, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ হাজার জনসহ মোট পাঁচ হাজার আটজনকে আসামি করা হয়েছে। প্রথম আলো, ঢাকা ট্রিবিউন ও ইত্তেফাকসহ একাধিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে নিষিদ্ধঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে। নাম উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালু। গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবির একটি দল। টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে সেখানে যাওয়ার পথে নিলফা বাজারে পৌঁছালে সড়কে গাছ ফেলে তাঁদের পথ আটকে দেওয়া হয়। সরে যাওয়ার অনুরোধের পর একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে যায়। এ ছাড়া সরকারি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগ আনা হয়েছে। হামলায় নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ছয় কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।







