লস অ্যাঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল বিমানবন্দর ও সান্তা মনিকা, বড় ক্ষয়ক্ষতির খবর নেই

Tajanews24

Published: নভেম্বর 29, 2026, 12:50 পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলে শনিবার (২৮ নভেম্বর) প্রাথমিক হিসাবে ৫ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে লস অ্যাঞ্জেলেসজুড়ে ভবন কেঁপে ওঠে, দোকানপাট থেকে মানুষ আতঙ্কে বেরিয়ে আসেন এবং লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের (এলএএক্স) একটি টার্মিনালে সিলিংয়ের টাইলস খসে পড়ে। সিএনএনের বরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ম্যানহাটন বিচের প্রায় ৩ দশমিক ৭ মাইল পশ্চিম-দক্ষিণপশ্চিমে, প্রায় ৭ দশমিক ৬ মাইল গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

প্রথম কম্পনের পর ৪৫ মিনিটের মধ্যে ২ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৭ মাত্রার অন্তত চারটি পরাঘাত অনুভূত হয়। ইউএসজিএস জানিয়েছে, ৪ মাত্রা বা তার বেশি শক্তির পরাঘাতের সম্ভাবনা রয়েছে প্রায় ৩০ শতাংশ। সিএনএন জানিয়েছে, সান্তা মনিকায় ভবনগুলো জোরে কেঁপে ওঠে ও গাছপালা দুলতে থাকে; কেন্দ্র থেকে প্রায় ২৭ মাইল উত্তর-পূর্বে পাসাডেনাতেও কম্পন টের পাওয়া যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যানহাটন বিচ পিয়ার বন্ধ করে দেওয়া হয় বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র লিন্ডসে ল্যান্টজ বলেছেন, প্রাথমিকভাবে কাঠামোগত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তিনি জানান, বিভাগটি ভূমিকম্প-পরবর্তী সাড়া কার্যক্রম চালু করেছে এবং ১০৬টি ফায়ার স্টেশনের কর্মীরা স্থল, আকাশ ও সমুদ্রপথে নিজ নিজ এলাকায় জরিপ চালাচ্ছেন। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস সামাজিক মাধ্যমে বলেছেন, বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না থাকলেও শহরের দলগুলো পরিস্থিতি মূল্যায়ন করছে। ক্যালিফোর্নিয়ার জরুরি সেবা দপ্তর স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে প্রভাব যাচাইয়ে কাজ করছে এবং বাসিন্দাদের সম্ভাব্য পরাঘাতের জন্য প্রস্তুত থাকতে বলেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ভূ-পদার্থবিদ লুসি জোন্স এক ব্রিফিংয়ে বলেছেন, ভূমিকম্পটি তুলনামূলকভাবে গভীরে হওয়ায় লস অ্যাঞ্জেলেস অববাহিকার বড় অংশে তা অনুভূত হয়েছে এবং সাম্প্রতিক সময়ে এলাকাটির বড় ভূমিকম্পগুলোর একটি এটি। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের লা হাবরা ভূমিকম্পের পর এই মহানগর এলাকায় ৫ মাত্রার বেশি ভূমিকম্প এটিই প্রথম; সেবার মাত্রা ছিল ৫ দশমিক ১। সংস্থাটির ভূমিকম্পবিদ এলিজাবেথ ককরান বলেছেন, প্রায় ১২ কিলোমিটার গভীরতার কারণে ভূমিকম্পের তরঙ্গকে ভূপৃষ্ঠে পৌঁছাতে বেশি পথ পাড়ি দিতে হয়েছে, যা কম্পনের তীব্রতা কিছুটা কমিয়ে থাকতে পারে।