রাজধানীর গুলশান ও বনানী এলাকার পাঠকদের জন্য বই পড়ার সুযোগ সহজ করতে আয়োজন করা হয়েছে ব্র্যাক ব্যাংক-প্রথমা বইমেলার। বুধবার রাজধানীর বীর উত্তম মীর শওকত সড়কে অবস্থিত ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। উদ্বোধনী আয়োজনে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন, চিফ কমিউনিকেশন অফিসার ইকরাম কবীর ও প্রথমা প্রকাশনের মেরিনা ইয়াসমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলায় খোলামেলা পরিবেশে সাজানো হয়েছে এই বইমেলা। স্টলের আদলে তৈরি প্রদর্শনীতে প্রথমা প্রকাশনসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনীর নানা ধরনের বাংলা ও ইংরেজি বই রাখা হয়েছে। এখানে ইতিহাস, মুক্তিযুদ্ধ, অর্থনীতি, বিজ্ঞান, ভ্রমণ ও গবেষণাধর্মী বইয়ের পাশাপাশি সৃজনশীল সাহিত্যের বড় সংগ্রহ রয়েছে।
বইপ্রেমীদের জন্য মেলায় বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। বিক্রয় প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, প্রথমার বইয়ে ২৫ শতাংশ, বিদেশি বইয়ে ৫ শতাংশ এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২০ শতাংশ ছাড় মিলবে। এছাড়া ব্র্যাক ব্যাংকের কিউআর কোড ব্যবহার করে কেনাকাটা করলে আরও অতিরিক্ত ২ শতাংশ ছাড় পাওয়া যাবে।
বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে। কর্মব্যস্ততার মাঝে বই কেনার সময় না পাওয়া ব্যক্তিদের জন্য এমন উদ্যোগ বেশ সাড়া ফেলেছে। ব্যাংকের মানবসম্পদ বিভাগের কর্মী অনুপমা জামান জানান, কাজের ফাঁকে নিজের পছন্দের বইটি হাতের নাগালে পাওয়া আনন্দদায়ক। সকাল থেকেই ব্যাংক কর্মীরা ও পাঠকরা মেলায় ভিড় করছেন এবং অনেকে পছন্দের বই সংগ্রহ করছেন। তিনি বলেন, দিনের কর্মব্যস্ততা কাটিয়ে আলাদা করে বই কিনতে যাওয়ার সময় বের করা বেশ কষ্টকর। পাঠকেরা এখান থেকে তাঁদের পছন্দের বইটি বেছে নিতে পারবেন। হাতের নাগালে এভাবে বই চলে আসাটা বেশ সময়োপযোগী সিদ্ধান্ত। দুদিন অফিসে ওঠানামার সময় বই নেড়েচেড়ে দেখতে পারবেন তিনি।








