কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খনন করতে গিয়ে মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ছোট ইনানী এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে। আগুন নেভাতে না পারায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত উখিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইদুল ইসলাম জানান, নলকূপের পাইপের মুখ দিয়ে অনবরত গ্যাস বের হওয়ার কারণে আগুন কোনোভাবেই নেভানো সম্ভব হচ্ছে না। এটি সম্পূর্ণ প্রাকৃতিক গ্যাস বলে তিনি নিশ্চিত করেছেন। স্থানীয়দের তথ্যমতে, ব্রিটিশ আমল থেকেই এলাকাটিতে গ্যাসের একটি উৎস রয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন, তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সমাধান পাওয়া যায়নি।








