আইজেনকোট -: ইসরাইলের আরব নাগরিকরা দেশটির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ

Published: November 14, 2026, 5:45 am

ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ও সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। আইজেনকোটের দাবি, নির্বাচনী প্রচারণায় ফিলিস্তিনি নাগরিকদের লক্ষ্য করে নেতানিয়াহু এবং তার সহযোগীরা ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণা চালিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, ইসরায়েলের মোট জনসংখ্যার ২১ শতাংশই আরব নাগরিক। নির্বাচনী প্রচার শুরুর পর থেকে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই আরব নাগরিকদের বৈধতাকে অস্বীকার করতে তাদের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়েছেন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা। জাতীয় ঐক্যের সরকার গঠনের উদ্যোগ প্রসঙ্গে আইজেনকোট বলেছেন, তিনি যত দ্রুত সম্ভব সরকার গঠনের দায়িত্ব সম্পন্ন করতে চান। তার ভাষায়, এটি না করা হবে গুরুতর ভুল।

গাদি আইজেনকোট স্পষ্টভাবে জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী কেবল তাকে ভোট দেওয়া মানুষদের নন, বরং রাষ্ট্রের সকল নাগরিকের প্রধানমন্ত্রী। তিনি আরব নাগরিকদের ইসরায়েলের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, একটি জনগোষ্ঠীকে প্রান্তিক করে তোলা বা সামগ্রিকভাবে কলঙ্কিত করার চেষ্টা রাষ্ট্রবিরোধী। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। সরকার গঠনের প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই না পাওয়ায় জটিলতা তৈরি হয়েছে। আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়ী হয়েছে, যাদের বিরুদ্ধে নেতানিয়াহু ভোট জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তুলেছিলেন, যা নির্বাচন কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরাইলে হামলার পর হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করতে অস্বীকৃতি জানানোর অভিযোগেও আরব নেতৃত্বাধীন দলগুলোর সমালোচনা করেছেন নেতানিয়াহু। যদিও এসব দলের নেতারা হামাসের নেতৃত্বে চালানো ওই হামলার নিন্দা জানিয়েছেন। নির্বাচনের পর রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়লেও ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন নেতানিয়াহু। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইলের নিজস্ব সামরিক নেতৃত্ব এবং আইজেনকোটের আগ্রহ নেই।

আইজেনকোট মনে করেন, আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে একটি গোটা জনগোষ্ঠীকে অপবাদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার গঠনের হিসাব নিকাশে আইজেনকোট জানান, তার জোট আরব দলগুলোর সমর্থন ছাড়াই সরকার গঠনের সম্ভাবনা নিয়ে কাজ করছে। ৬১ আসন নিশ্চিত করতে তিনি অতি-গোঁড়া ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। এছাড়া তিনি নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচকেও সরকারে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছেন। তাদের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা দাঁড়াবে ৬৭। এমনকি তাদের কারও কারও প্রতি গভীর বিরাগও থাকতে পারে।

নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে সরকার গঠনের ওপর জোর দিয়ে আইজেনকোট এটিকে তার প্রধান দায়িত্ব হিসেবে দেখছেন। তার হাতে এখন ছয় সপ্তাহ সময় রয়েছে। এর মধ্যেই নেতানিয়াহুর ইরান ইস্যুতে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইজেনকোট। তার মতে, অত্যন্ত জরুরি পরিস্থিতি ছাড়া এ ধরনের উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকা উচিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক নেতৃত্বও এখন নতুন কোনো সংঘাতের পথে হাঁটতে আগ্রহী নয় বলে ধারণা করা হচ্ছে।

সবশেষ বৃহস্পতিবার আইজেনকোট ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সামরিক সচিবের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন। সেখানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও বৈঠকের বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি। সরকার গঠন প্রক্রিয়া কতদূর এগিয়েছে, তা নিয়ে অস্পষ্টতা থাকলেও আইজেনকোট ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠনের দিকেই মনোযোগী।