তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘আমার মূল্যবান ভাই’ (ইউ আর মাই ভ্যালুয়েড ব্রাদার) বলে সম্বোধন করেন। বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা হিসেবে নয়, বরং ব্যক্তিগতভাবেও তারেক রহমানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তিনি।
বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, এরদোগান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর আন্তরিকতা প্রকাশ করেছেন। তিনি দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তুরস্কের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের প্রয়োজনে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। এ সময় তিনি সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণের জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানান। এরদোগান স্পষ্ট করেছেন যে, তিনি তারেকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও জানান, বহুপক্ষীয় এই সম্মেলনে ব্যস্ত কর্মসূচির মধ্যেও তুরস্কের প্রেসিডেন্ট হাতেগোনা কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন, যার মধ্যে প্রথম দিনেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্ববহ। তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং এটি একটি বিস্তৃত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে।
বৈঠকে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ এবং যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প পার্ক প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগ অংশীদারিত্বের বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা প্রকাশ করা হয়।
রোহিঙ্গা সংকট নিয়েও দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর এই ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও জোরালো ভূমিকা রাখার বিষয়ে তারা একমত পোষণ করেছেন। বিশেষ করে রোহিঙ্গা সংকটের অর্থায়ন নিশ্চিত করতে সম্মিলিত আন্তর্জাতিক অবস্থান তৈরির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যকার এই পারস্পরিক সহযোগিতা আগামী দিনগুলোতে আরও জোরদার হবে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।








