তাহসিফ সাউরির মৃত্যু: বন্ধুর দেওয়া তথ্যে সামনে এল নতুন রহস্য

Published: October 31, 2026, 4:22 am

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে। ঘটনায় পুলিশি হেফাজতে থাকা তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ দাবি করেছেন, ঘটনার দিন তারা একসঙ্গে অবস্থান করছিলেন। এ সময় অপরিচিত কয়েকজনের ধাওয়ার মুখে আত্মরক্ষার চেষ্টায় তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন। পরে পরিস্থিতি বুঝতে পেরে তিনি নিজে পালিয়ে যান। ৩০ অক্টোবর শুক্রবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

এদিকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থানটির অদূরে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি নিহত তাহসিফের কি না, তা এখন যাচাই করে দেখছে পিবিআই। পুরো ঘটনার পারিপার্শ্বিকতা ও দ্বীপের দেওয়া বয়ান মিলিয়ে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।